ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার যে নির্দেশ হাই কোর্ট দিয়েছিল, তা স্থগিত করে আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জয়নাল আবেদীন বলেন, ‘আপিল বিভাগ ভর্তি পরীক্ষার ওপর হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করে মামলাটি নিষ্পত্তি করেছেন। এখন আর ৩১ ডিসেম্বরের আগে পরীক্ষা নিতে বাধা নেই।’
এর আগে গত বুধবার হাই কোর্ট অন্তর্বর্তীকালীন আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সেদিন বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাই কোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।
চেম্বার আদালতে শুনানির পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছিলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় নিজেদের বিধি অনুযায়ী ভর্তি পরীক্ষা ও সংশ্লিষ্ট কার্যক্রম চালিয়ে নিতে চায়, যাতে শিক্ষাবর্ষের ক্ষতি না হয় এবং শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত না হন।
মেধাবী শিক্ষার্থীরা কেন অপেক্ষা করবে— আবেদনে সে বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
রিট আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, রিট আবেদনকারী পরীক্ষার্থী নন, এমনকি পরীক্ষার্থীর মা-ও নন। তার রাজনৈতিক পরিচয় রয়েছে এবং বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে।
যে প্রেক্ষাপটে রিট
গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়।
ইউজিসির আহ্বানে অধিভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছালেও ঢাকা বিশ্ববিদ্যালয় আগের ঘোষিত সূচি অনুযায়ী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত বহাল রাখে।
পরে ইউজিসির সিদ্ধান্ত অনুসরণ না করার বিষয়টি চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিল।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন; যাঁদের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি কাঙ্ক্ষিত ফল না পেয়ে গত ৮ নভেম্বর পর্যন্ত ১১টি বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি পত্রের খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেন। পুনর্নিরীক্ষা ও সম্পূরক পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।













