১৬ নভেম্বর ২০২৬

বীমার টাকা ১২ বছর আটকে, গ্রাহকদের তোপের মুখে ‘সানফ্লাওয়ার’র চেয়ারম্যান

১২ বছর ধরে বীমার টাকা না পাওয়ার অভিযোগে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ তাশফিক মান্নানকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। চট্টগ্রামে প্রতিষ্ঠানটির নতুন অফিস উদ্বোধন করতে গিয়ে গ্রাহকদের তোপের মুখে পড়েন তিনি। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থল ত্যাগ করেন চেয়ারম্যান।

সোমবার (১৬ নভেম্বর) নগরীর বহদ্দারহাটের চান্দগাঁও এলাকায় প্রতিষ্ঠানটির নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বছরের পর বছর নিয়মিত বীমার কিস্তি জমা দিলেও মেয়াদ শেষে প্রাপ্য অর্থ ফেরত পাচ্ছেন না তারা। কারও কারও দাবি, দীর্ঘ ১২ বছর ধরে আটকে রয়েছে তাদের বীমার টাকা। বিভিন্ন স্থানে অফিস খুলে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হলেও পাওনা টাকা ফেরত চাইতে গেলে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।

প্রতিষ্ঠানটির নতুন অফিস উদ্বোধনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন বীমার টাকা না পাওয়া একাধিক গ্রাহক। নিজেদের জমানো অর্থ ফেরত দেওয়ার দাবিতে তারা প্রতিবাদ জানান। এ সময় চেয়ারম্যান মোহাম্মদ তাশফিক মান্নানকে সামনে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান।

গ্রাহকদের অভিযোগ, পাওনা টাকা ফেরত চেয়ে প্রতিবাদ করায় তাদের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে। এতে নতুন অফিস উদ্বোধনের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে গ্রাহকদের অভিযোগের বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য জানতে এবং ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বাধার মুখে পড়েন সাংবাদিক। অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের নির্দেশে প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভিডিও ধারণে বাধা দেন। একই সঙ্গে সাংবাদিককে নানাভাবে হেনস্তা করা হয়।

এক যুগ ধরে গ্রাহকদের বীমার টাকা আটকে থাকার অভিযোগের সত্যতা কতটুকু, কবে নাগাদ তারা নিজেদের জমা করা অর্থ ফেরত পাবেন— এমন প্রশ্নের উত্তর চাইছেন ভুক্তভোগীরা। তারা সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, গ্রাহকদের পাওনা অর্থ ফেরত এবং সাংবাদিককে হেনস্তার অভিযোগে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন