১০ নভেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারকারীদের ফেলে যাওয়া বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্দেহভাজন ইয়াবা পাচারকারীরা।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ বিজিবি জানতে পারে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভাল্লুকখাইয়া সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক পৌনে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান চেকপোস্ট থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণে সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ইয়াবা পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির আভিযানিক দল তাদের ধাওয়া করলে তারা পাশের গহিন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্স বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ