২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে পুলিশ কমিশনারের দপ্তরের সামনেই মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর নগরীর দামপাড়া এলাকায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়কে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মিছিল বের করেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে হঠাৎ ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’— এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে দামপাড়া পুলিশ লাইনের সামনের এলাকা। পরে মিছিলটি পুলিশ লাইনের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

ঘটনাটি নিয়ে নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারণ, দামপাড়া পুলিশ লাইনে নগর পুলিশের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কার্যালয় রয়েছে। বর্তমানে সিএমপি কমিশনারের কার্যালয় লালদীঘির পাড়ের নতুন ভবনে স্থানান্তরিত হলেও দামপাড়ার কার্যালয়ও কার্যক্রম পরিচালনা করছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, জুমার নামাজের পর মিছিলটি বের হলেও তাৎক্ষণিকভাবে মিছিলকারীদের বাধা দেয়নি পুলিশ। অল্প সময় ধরে তারা পুলিশ লাইনের সামনের সড়কে মিছিল করে চলে যায়।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কয়েকজন মিলে মিছিল করেছে বলে আমরা জেনেছি। মিছিলে অংশগ্রহণকারীদের আটকের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।’

আরও পড়ুন