চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এক কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৮ জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে ভবন মালিক মীর তাওসিফ হোসেন রাকীনের অসুস্থতার সুযোগ নেয় একটি প্রতারক চক্র। ভবনের কর্মচারী রফিকুর রহমান ও তার সহযোগীরা ৩৫টি ফ্ল্যাটের ভাড়া এবং ভাড়াটিয়াদের কাছ থেকে অগ্রিম বাবদ আদায় করা মোট এক কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ করে।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। মামলাটি পেনাল কোডের একাধিক ধারায় দায়ের করা হয়েছে।
পরে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায়, এসি বাকলিয়া জোনের তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জামালখান এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মো. জসিম উদ্দিন (৩৭) ও মো. মালেক হাওলাদার (৪৬) নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।














