চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রামে ইত্যাদি জিন্স লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপোতে ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বর্তমানে প্রায় চার মাসের বেতন না পাওয়ায় শ্রমিক-কর্মচারীরা পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা সড়কে নেমেছেন।
এদিকে ১৩ আগস্ট ইত্যাদি জিন্স লিমিটেডের কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে বলা হয়, চলতি মাসের ২০ থেকে ২২ আগস্টের মধ্যে বর্তমান মালিক নতুন মালিককে কারখানায় এনে শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ প্রতিনিধি ও রাষ্ট্রপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
নোটিশে আরও বলা হয়, শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পূর্বের নিয়োগের তারিখ বহাল রেখে নতুন মালিকের অধীনে চাকরি চলমান থাকবে। নতুন মালিক এতে দ্বিমত পোষণ করলে বর্তমান মালিক শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাদি বুঝিয়ে দেবেন।
শ্রমিকদের অভিযোগ, নোটিশে মালিকানা হস্তান্তর ও চাকরি বহাল রাখার বিষয়ে বলা হলেও বকেয়া বেতন দ্রুত পরিশোধের নিশ্চয়তা না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
শ্রমিকনেতা জাকির হোসেনের অভিযোগ করে বলেন, চার মাস ধরে বেতন না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত আমাদের দুর্ভোগ কাটবে না। আমরা আন্দোলন চালিয়ে যাবো।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, মালিকানা বিক্রি এবং বকেয়া বেতন নিয়ে শ্রমিকরা আন্দোলন করতেছে। শ্রমিক নেতা ও মালিকপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ফোর্স ওখানে অবস্থান নিয়েছে। এখনো অবরোধ চলমান। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।














