চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই নতুন নতুন শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ১০ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫৭ শিশু। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে প্রতিদিন গড়ে ৫০ জনের বেশি শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ১০ দিনের মধ্যে সবচেয়ে বেশি ৭১ জন শিশু ভর্তি হয় ৭ জুন। এছাড়া ৪ জুন ৬৪ জন, ৫ জুন ৩৪ জন, ৬ জুন ৫৮ জন, ৮ জুন ৫৭ জন, ৯ জুন ৫৫ জন, ১০ জুন ৬০ জন, ১১ জুন ৪৪ জন, ১২ জুন ২৭ জন এবং ১৩ জুন ৫১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি সময়ে চট্টগ্রামে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৮৮৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৭৮ শিশু।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ বলেন, ‘হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ, যা বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে ছড়ানো ভাইরাস বাতাসে দীর্ঘ সময় সক্রিয় থাকতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে কিংবা দূষিত পরিবেশে অবস্থান করলেও সুস্থ শিশুর আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।’
তিনি অভিভাবকদের প্রয়োজন ছাড়া শিশুদের জনসমাগমপূর্ণ স্থানে না নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘অনেক সময় শিশুর শরীরে হামের উপসর্গ শুরু হলেও তা সহজে বোঝা যায় না। ফলে অজান্তেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা বলেন, ‘প্রতিদিনই নতুন নতুন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। অনেক শিশুর শারীরিক অবস্থা জটিল হওয়ায় নিবিড় পরিচর্যার প্রয়োজন হচ্ছে। আক্রান্ত শিশুদের সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘হাম প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম হওয়ায় তারা দ্রুত সংক্রমিত হতে পারে। তাই সতর্কতা ও সময়মতো চিকিৎসা গ্রহণের বিকল্প নেই।’
এদিকে হাসপাতালে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়তে থাকায় উদ্বিগ্ন চিকিৎসক ও স্বাস্থ্যসংশ্লিষ্টরা। সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।














