২৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে মঞ্চস্থ ‘লাল কমল ও নীল কমল’

বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে চট্টগ্রামে মঞ্চস্থ হয়েছে প্রমা আবৃত্তি সংগঠনের পূর্ণাঙ্গ আবৃত্তি প্রযোজনা ‘লাল কমল ও নীল কমল’। বাংলা সাহিত্যের কালজয়ী সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্রের ‘ঠাকুরমার ঝুলি’ অবলম্বনে নির্মিত এ প্রযোজনায় অংশ নেয় অর্ধশতাধিক শিশুশিল্পী।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘প্রমার আবৃত্তিসন্ধ্যা’ শিরোনামে প্রযোজনাটির সপ্তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সোয়া ৭টায় প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে সূচনা বক্তব্য দেন প্রমার সভাপতি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ হাসান।

‘লাল কমল ও নীল কমল’ গল্প অবলম্বনে নির্মিত ৪৫ মিনিটের এ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন আবৃত্তিশিল্পী তৃষিতা চৌধুরী। মঞ্চ ও আলোক পরিকল্পনায় ছিলেন বাপ্পা চৌধুরী। তবলায় সহযোগিতা করেন রানা বড়ুয়া। অর্ধশতাধিক শিশুশিল্পীর শিল্পিত পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখে।

অনুষ্ঠানে আমন্ত্রিত আবৃত্তি দল হিসেবে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ। আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ারের গ্রন্থনা ও সঞ্জয় পালের নির্দেশনায় তারা পরিবেশন করে ‘হাসির সুতোয় বোনা’।

প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বলেন, ‘শিশুদের স্বপ্নের জগৎ অমূল্য সম্পদ। আমরা ‘লাল কমল ও নীল কমল’ প্রযোজনায় শিশুদের স্বপ্নকে ধরতে চেষ্টা করেছি। দক্ষিণারঞ্জন মিত্রের ‘ঠাকুরমার ঝুলি’ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সেখান থেকেই ‘লাল কমল ও নীল কমল’ গল্পটি নেওয়া হয়েছে। এখানে ন্যায়ের জয় ও অন্যায়ের পরাজয় হয়েছে। পাশাপাশি বারবার উঠে এসেছে মানবিকতার কথা। শিশুদের মধ্যে ন্যায় ও মানবিকতার বোধ তৈরিতে এ প্রযোজনা সহায়ক হবে।’

প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, ‘১৯৯০ সাল থেকে প্রমা চট্টগ্রামে আবৃত্তি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। একক ও দলীয় পরিবেশনার পাশাপাশি আমরা মাঝে মাঝে পূর্ণাঙ্গ আবৃত্তি প্রযোজনা নির্মাণ করে মঞ্চায়ন করে থাকি। ‘লাল কমল ও নীল কমল’ আমাদের তেমনই একটি পূর্ণাঙ্গ প্রযোজনা। এবার এটির সপ্তম মঞ্চায়ন হলো।’

প্রযোজনার নির্দেশক তৃষিতা চৌধুরী বলেন, ‘ছোটবেলা থেকে নানী-দাদির কাছে নানা রকম রূপকথার গল্প শুনে আমরা বড় হয়েছি। কিন্তু আজকের শিশুরা সেই সুযোগ অনেকটাই পাচ্ছে না। তাদের সামনে বাংলা সাহিত্যের কালজয়ী রূপকথার গল্প এবং এর মানবিক দিকগুলো তুলে ধরার সুযোগ পেয়েছি এ প্রযোজনার নির্দেশনা দিতে গিয়ে।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত মানবিকতা ও সভ্যতারই জয় হয়— ‘লাল কমল ও নীল কমল’ প্রযোজনার মাধ্যমে সেই বার্তাই আবারও উপস্থাপন করা হয়েছে।’

আরও পড়ুন