২৯ সেপ্টেম্বর ২০২৬

আজ জবিতে আসছেন রাশিয়া ও ইরানের রাষ্ট্রদূত

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ও বিশ্ব গণমাধ্যমের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ। এতে বাংলাদেশে নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এবং ঢাকায় নিযুক্ত ইসলামিক রিপাবলিক অব ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব গণমাধ্যম: নৈতিক জবাবদিহি ও আত্মসমালোচনা’ শীর্ষক এ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে. সিমনস।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্‌দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

আলোচক হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ ইহসানুল কবীর।

সেমিনারে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবীর।

আয়োজকরা জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব গণমাধ্যমের ভূমিকা, সংবাদ পরিবেশনের নৈতিকতা, গণমাধ্যমের জবাবদিহি ও আত্মসমালোচনার বিভিন্ন দিক নিয়ে সেমিনারে আলোচনা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

আরও পড়ুন