৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে সরকারি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ষোলশহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলে— খোরশেদ আলম প্রকাশ জনি (২৮), মো. ইকবাল হোসেন (৪৬), মো. মোশাররফ হোসেন সুমন (৩৩), মো. আলী হোসেন (৩৪) ও ইমামুল হক সায়েম (২৮)।

পুলিশের তথ্য অনুযায়ী, জনি পাঁচলাইশ থানা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি, ইকবাল হোসেন ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি, মোশাররফ হোসেন সুমন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সংগঠক, আলী হোসেন ৭ নম্বর পশ্চিম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সংগঠক এবং সায়েম পাঁচলাইশ থানা ছাত্রলীগের সংগঠক।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার রাতে ফ্লাইওভার থেকে এলজিইডির কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। ঘটনার পর থেকে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। হামলার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

এর মধ্যে এলজিইডির কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাগুলো ভেঙে গেলেও আগুন ধরেনি। তবে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমায় আগুন জ্বলে ওঠে। প্রায় ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলার পর আগুন নিভে যায়।

পুলিশের ধারণা, মোটরসাইকেল বা কোনো গাড়িতে করে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ফ্লাইওভার থেকে পেট্রলবোমাগুলো নিক্ষেপ করে। তবে হামলার উদ্দেশ্য কী ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ