চট্টগ্রাম ওয়াসার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ। আগামী এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব মো. গোলাম রব্বানী সই করা গত ২০ সেপ্টেম্বর এক আদেশে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ধারা ২৯ (১) অনুযায়ী তাকে এই নিয়োগ প্রদান করা হলো।
তবে শর্ত থাকে যে, এই পদে যোগদানের পূর্বে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।














