চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কোটি টাকার গার্মেন্টসের কাপড়বোঝাই একটি কনটেইনার উধাও হওয়ার ঘটনায় বন্দরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা দুই কর্মচারী হলো— চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃসহকারী হিসেবে কর্মরত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৫) এবং বন্দরের কিপ ডাউন এসসি-১৮৮ পদে কর্মরত নোয়াখালীর সেনবাগ উপজেলার আবু সুফিয়ান (৪০)।
পুলিশ জানায়, চীন থেকে আমদানি করা গার্মেন্টসের কাপড়বোঝাই একটি ৪০ ফুট কনটেইনার গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। কনটেইনারটিতে কয়েক কোটি টাকার কাপড় ছিল বলে জানা গেছে। গাজীপুরভিত্তিক প্রতিষ্ঠান মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড পণ্যগুলো আমদানি করেছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর বার্থ অপারেটর বশির আহাম্মদের মাধ্যমে জাহাজ থেকে নামিয়ে বন্দরের জে আর ইয়ার্ডে রাখা হয়। পরে সিঅ্যান্ডএফ এজেন্ট এস জামান অ্যান্ড ব্রাদার্স শুল্ক ও কর পরিশোধ করে কনটেইনারটি খালাস নিতে গেলে সেটি আর ইয়ার্ডে পাওয়া যায়নি। এরপর এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করতে গিয়ে বন্দরের দুই কর্মচারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও জানান, পাচার হওয়া কনটেইনার উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।














