৩১ অক্টোবর ২০২৬

এইচএসসির ফল প্রকাশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা দুটোই কমেছে। এবারের চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন।

২০২৫ সালে এই বোর্ডের অধীনে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ; আর জিপিএ–৫ পেয়েছিলের ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী। তার আগের বছর ২০২৪ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ১০ হাজার ২৬৯ জন।

শনিবার বেলা ১১টায় দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের পাসের হার গতবারের কাছাকাছি। এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে এবং অভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে। তাই মূল্যায়ন যথাযথ হয়েছে। সেকারণে হয় এ বছর জিপিএ-৫ অনেক কমেছে।’

‘এছাড়া প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামরা ছিল। তাই শুরুর দুয়েকটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি কাজ করতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা কিছুদিন বন্ধ ছিল পরীক্ষা। হয়ত পড়ার টেবিলে ফিরতে একটু সময় লেগেছে। এটাও একটা কারণ হতে পারে।’

এসময় বোর্ড সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, ‘২০২০ সালে নতুন সিলেবাস ঘোষণার পর এবার প্রথম পূর্ণ সিলেবাসে পড়ে পরীক্ষা দিয়েছে। করোনাসহ নানা কারণে নতুন কারিকুলাম পাঠদান সম্পন্ন করল। এই পরীক্ষার্থীরা বিশাল চ্যালেঞ্জ অতিক্রম করেছে।’

‘জিপিএ-৫ কেন অনেক কমল এটা গবেষণার বিষয়। বোর্ড থেকে প্রকৃত কারণ দ্রুত বের করব। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক পরীক্ষা পরে নিতে হয়েছে। কী ঘটেছে সেটা গবেষণার দাবি রাখে।’

ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান।

পাসের হার কোথায় কত
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ছিলেন ৯৬ হাজার ৩৩৫ জন। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ।এরমধ্যে চট্টগ্রাম নগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। আর নগরী বাদে জেলায় পাসের হার ৪৫ দশমিক ৫৯শতাংশ।

তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৩৩ দশমিক ২৪ শতাংশ, খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ। এছাড়া কক্সবাজার জেলায় পাসের হার ৪৩ দশমিক ৩৪ শতাংশ।

বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৪ দশমিক ১৪ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৩৬ শতাংশ।

চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ২৮৩টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

চলতি বছরের ২ জুলাই থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বৈরি আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে যায়।

গত ২৭ জুলাই থেকে নিয়মিত রুটিনে পুনরায় পরীক্ষা শুরু হয়। আর স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২০ অগাস্ট, যা চলে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী, যা গত ২২ বছরের মধ্যে সবচেয়ে কম।

আরও পড়ুন