২৩ অক্টোবর ২০২৬

চন্দনাইশে দুই যুবলীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই যুবলীগ নেতাসহ সিআর ও নিয়মিত মামলার চার আসামিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার বরকল, জোয়ারা ও দোহাজারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলো— দোহাজারী পৌরসভার উল্লাপাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকার শাহ আলমের ছেলে ও দোহাজারী পৌর যুবলীগের সদস্য মাঈন উদ্দিন টিপু (৩২), বরকল ইউনিয়নের কানাইমাদারী ৪ নম্বর ওয়ার্ড এলাকার মৃত মোহাম্মদ সেরজন খানের ছেলে ও বরকল ইউনিয়ন যুবলীগের সদস্য মোহাম্মদ ওয়াসিম উদ্দিন (৩৬), উত্তর জোয়ারা নগরপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে মোহাম্মদ আরাফাত (২৫) এবং সাতবাড়িয়া এলাকার হাজী আহমদ হোসেন চৌধুরী বাড়ির বাসিন্দা মোছাম্মৎ নুর জাহান বেগম।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিআর ও নিয়মিত মামলার অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন