তরুণদের দায়িত্বশীল ও জলবায়ু-সচেতন সাংবাদিক হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’র সমাপনী অনুষ্ঠান। সোমবার (২২ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের মূল নীতি হলো ‘অ্যাক্ট লোকালি, থিংক গ্লোবালি’। আমাদের স্থানীয় কর্মকাণ্ডের প্রভাব বৈশ্বিক পর্যায়ে পড়ে। পরিবেশ সুরক্ষায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সম্পর্ক উন্নয়ন সময়ের দাবি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাত উভয়ই উপকৃত হতে পারে।’
তিনি আরও বলেন, ‘থ্রি-আর (রিইউজ, রিসাইকেল ও রিডিউস) পদ্ধতির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। ব্যবসা পরিচালনার পাশাপাশি মানবজাতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার মানসিকতা ধারণ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের অ্যাসোসিয়েট এডিটর (বিজনেস ইনচার্জ) জাকির হোসেন, দৈনিক কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমী এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাজিদ মাহবুব।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফ্যাক্টরি ডিরেক্টর এস এম তারেক সাইফুল্লাহ, পাবলিক রিলেশনস অ্যান্ড প্রজেক্টস ম্যানেজার এস এম ফয়সাল এবং জনসংযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআরের গ্রুপ পিআর হেড কাজী হাসান অংশ নেন।
আয়োজক সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রোগ্রাম ম্যানেজার অপূর্ব দেব। পুরো কর্মশালাটি সঞ্চালনা ও মডারেশন করেন ইপসার মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার সেতার রুদ্র। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।














