২৩ অক্টোবর ২০২৬

চাঁদা না পেয়ে প্রবাসীকে তুলে নিয়ে মারধর, প্রাণনাশের হুমকি

লক্ষ্মীপুরের চররুহিতা ইউনিয়নে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীকে তুলে নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত প্রবাসী বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে চররুহিতা ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকার বটতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী রিয়াজ হোসেন।

অভিযুক্তরা হলেন— লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রুবেল হোসেন, বাবলু হোসেন, নাবিল হোসেন, সৈকতসহ আরও কয়েকজন। রিয়াজ হোসেন চররুহিতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী ব্যাপারী বাড়ির বাসিন্দা এবং রুস্তম মাস্টারের ছেলে।

ভুক্তভোগী রিয়াজ হোসেন জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। অসুস্থতার কারণে দেশে ফিরে আসেন। আর্থিক সংকটে পড়ে প্রায় তিন মাস আগে পৌর এলাকার নিজের একটি বাড়ি বিক্রি করেন। বাড়ি বিক্রির খবর জানার পর অভিযুক্তরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়।

তার অভিযোগ, বুধবার রাতে বাথরুমে যাওয়ার পথে ১০ থেকে ১৫ জন তাকে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে লোহার পাইপ ও রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। একপর্যায়ে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। যাওয়ার সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত রুবেল হোসেনসহ অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘‌বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন