চট্টগ্রামে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা। শনিবার সকালে নগরীর পতেঙ্গায় প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা।
সমাবেশে বক্তারা বলেন, শ্রম আইন ২০০৬ অনুযায়ী পূর্বের নিয়মে ২০২৩-২৪ সালের দ্বিবার্ষিক চুক্তিনামা দ্রুত সম্পাদন করতে হবে। পাশাপাশি পার্সোনাল পে বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করা এবং পদোন্নতি নীতিমালা সংস্কারের দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দাবি পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও তারা হুঁশিয়ারি দেন।














