চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে তৎপরতা বাড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন বিএনপি নেতা মো. আশরাফ উদ্দিন রাহেল।
ছাত্ররাজনীতি থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনে দায়িত্ব পালন, ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে মিঠানালায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। দলীয় মনোনয়ন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাহেল।
১৯৮২ সালে মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আশরাফ উদ্দিন রাহেল। তাঁর পিতা মরহুম আবুল কাশেম। স্কুলজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। রাজনৈতিক জীবনের শুরুতে ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য এবং ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আশরাফ উদ্দিন রাহেল।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। শাহ সুফি নুর মোহাম্মদ নিজামপুরীর (রহ.) মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি, মাস্টারপাড়া আল নুর জামে মসজিদের সেক্রেটারি, ভোর বাজার জামে মসজিদের সভাপতি এবং আলিফকিরহাট জামে মসজিদের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ ও পরিচিতি তৈরি হয়েছে তাঁর।
চেয়ারম্যান নির্বাচিত হলে মিঠানালা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে রাহেলের। তাঁর পরিকল্পনায় রয়েছে ইউনিয়নের সড়ক নির্মাণ ও সংস্কার, কালভার্ট ও সেতু নির্মাণ, জলাবদ্ধতা নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। শিক্ষাক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে উদ্যোগ নিতে চান তিনি।
এ ছাড়া স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম জোরদার, দরিদ্র রোগীদের চিকিৎসায় সহযোগিতা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কাজ করতে চান আশরাফ উদ্দিন রাহেল।
তাঁর উন্নয়ন পরিকল্পনায় রয়েছে যুবকদের কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো। পাশাপাশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজীকরণের উদ্যোগ নিতে চান তিনি।
সরকারি বরাদ্দের স্বচ্ছ ব্যবহার, উন্নয়ন প্রকল্পের ব্যয়ের হিসাব জনগণের কাছে প্রকাশ এবং নাগরিক সেবা প্রদানে হয়রানি কমিয়ে ইউনিয়ন পরিষদের জবাবদিহিতা নিশ্চিত করার কথাও তাঁর পরিকল্পনায় রয়েছে।
আশরাফ উদ্দিন রাহেল বলেন, দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন তিনি। ব্যবসার পাশাপাশি এলাকায় সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাইয়ে বিএনপির প্রার্থী নুরুল আমিনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে মিঠানালা ইউনিয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন বলেও দাবি করেন তিনি।
রাহেল আরও বলেন, দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে ইউনিয়নের প্রতিটি গ্রামে দান-অনুদানের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। এবার আরও বৃহৎ পরিসরে ইউনিয়নবাসীর সেবা করতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি।
মিঠানালা ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব ও উন্নয়ন নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ বাড়ছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। সেই আলোচনায় আশরাফ উদ্দিন রাহেলের নাম উঠে আসায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে নতুন করে রাজনৈতিক কৌতূহল তৈরি হয়েছে। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন ও নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা কারা করবেন, তা নির্ধারণ করবে মিঠানালার আগামী নেতৃত্বের সমীকরণ।













