ফেনীর ফুলগাজীতে বেসরকারি শিশু শিক্ষাপ্রতিষ্ঠান মুন্সীরহাট মেরিট একাডেমীর এক যুগ পূর্তি উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আর এ চৌধুরী রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামীদ।
প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মো. জামাল উদ্দিন চৌধুরী, কবি ও সাহিত্যিক জিন্নাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবুল হোসেন মিয়াজি, মুন্সীরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাওলানা ছালেহ আহম্মদ পাটোয়ারী, ব্যবসায়ী ফারুক আহমেদ ভূঁইয়া, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি কামরুল আজিম চৌধুরী এবং ফুলগাজী শিশু নিকেতন মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল হাশেম রাশেদ।
এ ছাড়া বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাবেক পরিচালক আনোয়ার হোসেন ও মো. শাওকাত হোসেন এবং অভিভাবক সদস্য ইসমাঈল হোসেন টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ কাউছার হামীদ বলেন, আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত শিশু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ধর্মীয় কিংবা শুধু আধুনিক শিক্ষা দিয়ে একজন মানুষকে পরিপূর্ণভাবে গড়ে তোলা সম্ভব নয়। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে কবি ও সাহিত্যিক জিন্নাহ চৌধুরী প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। এ সময় তাঁর পরিবেশিত কবিতা ও গল্প উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থীর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আর এ চৌধুরী রাহাত বলেন, এক যুগ আগে এলাকায় একটি ব্যতিক্রমধর্মী শিশু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন নিয়ে কয়েকজন শিক্ষানুরাগী উদ্যোগ নেন। নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পেরিয়ে সেই উদ্যোগের ধারাবাহিকতায় মুন্সীরহাট মেরিট একাডেমী আজকের অবস্থানে পৌঁছেছে।
তিনি জানান, গত সপ্তাহে প্রতিষ্ঠানটি সরকারিভাবে পাঠদানের অনুমতি পেয়েছে। আগামী দিনে শিক্ষার্থীদের নূরানি পদ্ধতিতে পবিত্র কুরআন শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে পাঠদানের পাশাপাশি সরকারি-বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, দূরবর্তী শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা চালু এবং শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের পরিকল্পনা রয়েছে।
এক যুগের শিক্ষা কার্যক্রম ও অগ্রযাত্রা উদ্যাপনের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।













