কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল ঘিরে দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সম্ভাবনা আরও জোরালো করতে নেওয়া হয়েছে বৃহৎ সড়ক উন্নয়ন প্রকল্প। আনোয়ারা থেকে বাঁশখালী, টইটং ও পেকুয়া হয়ে কক্সবাজারের চকরিয়া পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা। সে হিসাবে প্রতি কিলোমিটার সড়ক উন্নয়নে খরচ পড়ছে প্রায় ২০ কোটি ৩৩ লাখ টাকা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্ণফুলী টানেলের সঙ্গে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কক্সবাজারের যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
ইতোমধ্যে প্রকল্পের আওতায় আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে সড়কের পাশের গাছ কাটার কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত মহাসড়ক উন্নয়ন প্রকল্পের মাঠপর্যায়ের প্রস্তুতি দৃশ্যমান হতে শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্ণফুলী টানেল চালুর পর দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম নগরের যোগাযোগ সহজ হলেও কক্সবাজার ও মাতারবাড়ীমুখী সড়কব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এর অর্থনৈতিক সম্ভাবনার পুরোপুরি সদ্ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে সরু সড়ক, যানজট ও দীর্ঘ পথ ঘুরে চলাচলের কারণে পণ্য পরিবহনে সময় ও ব্যয় বাড়ছে। নতুন মহাসড়কটি এসব সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় আনোয়ারার কালাবিবির দিঘি থেকে কক্সবাজারের চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়ক উন্নয়ন ও প্রশস্ত করা হবে। বর্তমানে সড়কের যেসব অংশের প্রস্থ প্রায় ১৮ ফুট, সেগুলো ৩৪ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। মোট ব্যয়ের মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য রাখা হয়েছে ৩৪১ কোটি টাকা। অবশিষ্ট অর্থ ব্যয় হবে সড়ক প্রশস্তকরণ, নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে।
কমবে দূরত্ব, বাড়বে বন্দরকেন্দ্রিক যোগাযোগ
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন মহাসড়কটি চালু হলে কর্ণফুলী টানেল থেকে কালাবিবির দিঘি, বাঁশখালী, টইটং, পেকুয়া ও মাতামুহুরী হয়ে বদরখালী এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে সরাসরি যাতায়াত করা সম্ভব হবে।
বর্তমানে মাতারবাড়ীগামী যানবাহনকে টানেল হয়ে আনোয়ারা, শিকলবাহা ওয়াই জংশন, পটিয়া বাইপাস, গাছবাড়িয়া ও চকরিয়া ঘুরে যেতে হয়। নতুন পথ চালু হলে মাতারবাড়ীমুখী যাতায়াতের দূরত্ব আনুমানিক ৪০ থেকে ৪৫ কিলোমিটার এবং সময় প্রায় এক ঘণ্টা কমতে পারে।
একইভাবে কক্সবাজারগামী যানবাহন বিকল্প এ সড়ক ব্যবহার করলে প্রায় ৩০ কিলোমিটার পথ ও ৪৫ মিনিট সময় সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
সওজ কর্মকর্তারা বলছেন, নতুন যোগাযোগব্যবস্থা গড়ে উঠলে কর্ণফুলী টানেলের ব্যবহার বাড়ার পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর চাপ কমবে। একই সঙ্গে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, আনোয়ারার শিল্পাঞ্চল ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পণ্য পরিবহন আরও সহজ হবে।
গাছ কাটার কাজ শুরু, সামনে ভূমি অধিগ্রহণের চ্যালেঞ্জ
এদিকে সড়ক প্রশস্তকরণের প্রস্তুতি হিসেবে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে সড়কের দুই পাশের গাছ কাটার কাজ শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ এবং বিদ্যমান অবকাঠামো অপসারণকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে বাঁশখালীসহ বিভিন্ন স্থানে সড়কের বাঁক প্রশস্ত করতে অতিরিক্ত জমির প্রয়োজন হবে। এসব এলাকায় ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ করা না গেলে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, দরপত্র প্রক্রিয়া শেষে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে বন বিভাগের মাধ্যমে গাছ কাটার কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে সড়ক নির্মাণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
গাছ কাটার সংখ্যা সম্পর্কে তিনি বলেন, বন বিভাগ প্রয়োজনীয় তালিকা তৈরি করেছে। কতসংখ্যক গাছ কাটতে হবে, তার বিস্তারিত তথ্য বন বিভাগের কাছেই রয়েছে।
শিল্পায়ন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা
আনোয়ারা পেশাজীবী পরিষদের সদস্য ও ব্যাংকার এস এম মঈন উদ্দীন আজাদ বলেন, কর্ণফুলী টানেল নির্মাণের পর দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা অনেক বেড়েছে। তবে কক্সবাজারমুখী সড়ক যোগাযোগের সীমাবদ্ধতার কারণে এখনো প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না।
তাঁর মতে, পিএবি-টইটং মহাসড়ক বাস্তবায়িত হলে আনোয়ারা থেকে কক্সবাজার পর্যন্ত একটি শক্তিশালী অর্থনৈতিক করিডোর গড়ে উঠবে। এতে টানেলের কার্যকারিতা বাড়বে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা তুলনামূলক সহজে এ অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, দক্ষিণ চট্টগ্রামের শিল্পায়ন ও আধুনিকায়নের জন্য উন্নত সড়ক যোগাযোগ অপরিহার্য। সরু সড়ক প্রশস্ত করে আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা গেলে নতুন শিল্পকারখানা স্থাপন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়বে।
টানেলের পূর্ণ সুফল পাওয়ার প্রত্যাশা
কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে আনোয়ারা ও আশপাশের এলাকায় শিল্পপ্রতিষ্ঠান, অর্থনৈতিক অঞ্চল এবং বন্দরভিত্তিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এর সঙ্গে পিএবি-টইটং মহাসড়ক যুক্ত হলে দক্ষিণ চট্টগ্রাম থেকে কক্সবাজার ও মহেশখালীর মাতারবাড়ী পর্যন্ত একটি বিকল্প ও কার্যকর যোগাযোগপথ গড়ে উঠবে।
সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু যাতায়াতের দূরত্ব ও ব্যয়ই কমবে না, দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে। একই সঙ্গে কর্ণফুলী টানেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও শিল্পাঞ্চলগুলোর মধ্যে সমন্বিত যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে।
তবে দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে যথাসময়ে ভূমি অধিগ্রহণ, নির্মাণকাজের মান বজায় রাখা এবং সড়ক প্রশস্তকরণে গাছ কাটার পরিবেশগত প্রভাব যথাযথভাবে বিবেচনার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।













