৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে শিক্ষাসফরের বাস খাদে পড়ে প্রাণ গেল দুই শিক্ষকের

কুমিল্লার বুড়িচং থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায় বাসটি। এতে মাদ্রাসার এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটিতে ছিলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। নিহতরা হলেন- মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা তিসা পরিবহনের বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি গভীর ডোবায় পড়ে যায়। বাসটিতে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ছিলেন। তাঁরা বার্ষিক শিক্ষাসফরের অংশ হিসেবে কক্সবাজার যাচ্ছিলেন।

মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডোবায় পড়ে যায়। নিহত দুজন বাসের সামনের আসনে ছিলেন। পানিতে ডুবে শ্বাস নিতে না পেরে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মরদেহ দোহাজারী হাইওয়ে থানায় রয়েছে। নিহতদের স্বজনেরা এলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

স্থানীয় অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ রাশেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিই। আহতদের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন