৭ নভেম্বর ২০২৬

পর্যটন শিল্পের সম্ভাবনা তুলে ধরে এশিয়ান অ্যাওয়ার্ড পেলেন সাফায়েত মোরশেদ

দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের চিত্র গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে এ খাতের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন সাংবাদিক সাফায়েত মোরশেদ। পর্যটন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি অর্জন করেছেন ‘এশিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬’।

শুক্রবার (৬ নভেম্বর) কক্সবাজারের হোটেল সি ওয়ার্ল্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়।

সাংবাদিকতায় দেশের পর্যটন খাতের সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ তুলে ধরার স্বীকৃতি হিসেবে সাফায়েত মোরশেদকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

পুরস্কার অর্জনের পর নিজের অনুভূতি জানিয়ে সাংবাদিক সাফায়েত মোরশেদ বলেন, ‘এই সম্মাননা নিঃসন্দেহে আমার কাঁধে আরও বড় দায়িত্ব যুক্ত করেছে। আমার সাংবাদিকতা জীবনের এটি একটি বিশাল অর্জন এবং অত্যন্ত আনন্দের ও স্মরণীয় মুহূর্ত। একজন গণমাধ্যমকর্মী হিসেবে আমি মনে করি, এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে ভবিষ্যতেও আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম, বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বাশার, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু এবং দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ। এ ছাড়া পর্যটন, ব্যবসা ও বিভিন্ন পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাংবাদিক সাফায়েত মোরশেদ বর্তমানে অনলাইন সংবাদমাধ্যম নিউজডে২৪-এর বার্তা প্রধান এবং দৈনিক আলোকিত প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, জনদুর্ভোগ, উন্নয়ন, সম্ভাবনা ও পর্যটন খাতের নানা দিক নিয়ে সংবাদ পরিবেশন করে আসছেন।

এশিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬ অর্জনের মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতা জীবনে যুক্ত হলো নতুন এক সাফল্যের পালক।

আরও পড়ুন