চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে এস আলমের বালুর মাঠে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করেন নুরুল আবছার (৬৭)। তিনি চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ডের নাজির মেম্বারের বাড়ির মৃত নজির আহমদের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—চরলক্ষ্যার চরফরিদ এলাকার মৃত নুর হোসেনের ছেলে আইয়ুব আলী (৩৮), চরপাথরঘাটা ইছানগর এলাকার নোয়া মিয়ার ছেলে জিকু (৩০), একই এলাকার নুর আলীর ছেলে সুমন (২৮), জাকির আহমদের ছেলে শাহাদাত হোসেন সাদ্দাম (২৫), চরলক্ষ্যা মাঝির গোষ্ঠী বাড়ির জাফর আহমদের ছেলে রাজু (৩০), একই এলাকার আবদুল জলিলের ছেলে আহসান হাবিব হৃদয় (২৫) এবং ইছানগর এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ আলী (৪২)।
এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের বিভিন্ন কাজকর্ম ও কিছু সম্পত্তি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণ করে আসছেন। আসামিরা আগে থেকেই এস আলমের বালুর মাঠটি অবৈধভাবে দখলের চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন তিনি।
এজাহারের বর্ণনা অনুযায়ী, ঘটনার দিন দুপুরে ওই মাঠে আসামিরা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন—এমন তথ্য পেয়ে এস আলম অফিসের কর্মকর্তারা বাদীকে বিষয়টি যাচাই করতে বলেন। পরে নুরুল আবছার ও তাঁর ছেলে সৌরভ ঘটনাস্থলে গেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
এতে নুরুল আবছারের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ভেঙে যায়। তাঁর ছেলে সৌরভের মাথায় গুরুতর জখম হলে ১১টি সেলাই দিতে হয়। এ সময় নুরুল আবছারের পকেট থেকে ৩০ হাজার টাকা এবং সৌরভের পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মামলার আসামি আইয়ুব আলী। তাঁর দাবি, তাঁদের অংশীদার সুমন এস আলম কোম্পানি থেকে প্রথমে এক বছর এবং পরে পাঁচ বছরের জন্য মাসিক ৫০ হাজার টাকা ভাড়ায় জায়গাটি নিয়েছেন। সেখানে কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হচ্ছে না। মালিকপক্ষ চাইলে যেকোনো সময় জায়গাটি ছেড়ে দেওয়া হবে।
আইয়ুব আলী আরও দাবি করেন, বেশ কিছুদিন ধরে নুরুল আবছার তাঁদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দিলে জায়গার একটি অংশ ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতেন। এতে রাজি না হওয়ায় সোমবার সকালে আবছার ও তাঁর ছেলে দলবল নিয়ে ছুরি হাতে তাঁদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তাঁরা আত্মরক্ষার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। ওই জায়গায় নুরুল আবছারের কোনো মালিকানা বা স্বত্ব নেই বলেও দাবি তাঁর।
মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, বৃহস্পতিবার রাতে মামলাটি রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।













