১৬ সেপ্টেম্বর ২০২৬

ছাদ পরিষ্কারের মধ্য দিয়ে বোয়ালখালীতে শুরু পরিচ্ছন্নতা অভিযান

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি দপ্তরসমূহের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদ ভবনের ছাদ ও আঙিনা পরিষ্কারের মধ্য দিয়ে সরকার ঘোষিত এ কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ফারুক।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, কর্মপরিবেশের উন্নয়ন, মশাবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতি শনিবার অন্তত এক ঘণ্টা সময় দিয়ে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে। তিনি সরকারি দপ্তরের পাশাপাশি সব নাগরিককে নিজ নিজ বাসস্থান পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

তিনি বলেন, নিয়মিত এ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতাকে একটি স্থায়ী সামাজিক সংস্কৃতিতে পরিণত করাই প্রশাসনের লক্ষ্য।

ইউএনও আরও জানান, বোয়ালখালী উপজেলায় ২৬টি সরকারি দপ্তরের ৫৩টি ভবনের ছাদ ও আঙিনা পরিষ্কার করা হবে। একই সঙ্গে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন পরিষদে একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এছাড়া উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৪টি স্কুল, কলেজ ও মাদ্রাসায়ও নিজ নিজ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। এ অভিযানের আওতায় উপজেলায় প্রায় ৭ লাখ ২৬ হাজার বর্গফুট এলাকা পরিষ্কার করা হবে।

পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মৃণাল কান্তি ধর, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, উপজেলা উপসহকারী প্রকৌশলী ফারুক হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।

আরও পড়ুন