চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। তিনি বলেছেন, এলাকার মানুষ কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন। সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে এবং জনগণের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে থাকবে।
শুক্রবার (৮ মে) দুপুরে জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন শেষে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প ঘুরে দেখেন এসপি মাসুদ আলম। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুরে আপনারা আপনাদের মতো করে চলবেন, ফিরবেন, ঘুরবেন। সবার মতো করে সবাই সবকিছু করবেন। সেই পরিবেশটাই আমরা বজায় রাখতে চাই।’
এসপি বলেন, ‘এলাকায় কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার জনগণকে আইনসম্মত সব কাজে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘আপনারা সহযোগিতা করলে কোনো বাপের বেটার ক্ষমতা নাই এখানে কিছু করার।’
পুলিশ সুপার জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়িয়ে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তুলতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান এসপি মাসুদ আলম।














