১১ নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান ঘিরে কক্সবাজারে দুই আইনজীবীকে ‘মারধর’র অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

কক্সবাজার জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে আদালত চত্ত্বরে দুই আইনজীবীকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আইনজীবীদের দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা ও ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগ তুলে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলের দিকে আদালত চত্বরের পুরোনো বার ভবনসংলগ্ন একটি চায়ের দোকান ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।হামলার শিকার দুই আইনজীবী হলেন- অ্যাডভোকেট তানভীর মোহাম্মদ তামিম ও জুলকার নাঈম জিল্লু।

তাদের অভিযোগ, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ারের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের মারধর ও হেনস্তা করেন।

অ্যাডভোকেট তামিম বলেন, একজন মক্কেলের ওকালতনামা নিয়ে তিনি আদালত চত্বরে পুরাতন গুনগাছ তলার পাশে একটি দোকানে চা পান করছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তাকে মারধর শুরু করেন। তারা জানতে চান, তিনি কেন ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। একপর্যায়ে তার টাই ধরে টেনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানকে দেখতে পান তিনি।

তামিমের ভাষ্য, তিনি তাদের কাছে জানতে চান, কোথায় এবং কখন তিনি স্লোগান দিয়েছেন, সেটির প্রমাণ দেখাতে। প্রমাণ দিতে পারলে তাদের দেওয়া শাস্তি মেনে নেবেন। কিন্তু তার কথা না শুনে তাকে মারধর ও হেনস্তা করা হয়। পরে কয়েকজন আইনজীবীর সহায়তায় তিনি সেখান থেকে পুরোনো বার ভবনের দিকে চলে যান।

অন্য আইনজীবী জিল্লু বলেন, আদালতের কাজ সেরে পুরোনো বার ভবনের পাশে একটি চায়ের দোকানে তারা তিন-চারজন বসে চা পান করছিলেন। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমানসহ কয়েকজন যুবক সেখানে এসে তাকে মিছিল করার অভিযোগে দাঁড়াতে বলেন। তিনি মিছিলে অংশ নেওয়ার কথা অস্বীকার করলে পেছন থেকে তাকে চড়-থাপ্পড় ও ঘুষি মারা হয়।

জিল্লু বলেন, এ সময় তার সঙ্গে থাকা একজন ফাহিমকে বলেন, ‘বন্ধু, উনি তো ছিলেন না।’ কিন্তু তাকেও ধাক্কা দেওয়া হয়।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন কক্সবাজারের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জিনিয়া সারমিন রিয়া। তিনি জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এই লীগজীবীকে সাইজ করতে হবে। লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ।

এদিকে দুই আইনজীবীর ওপর হামলার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন তারা।

তরুণ আইনজীবী শিপ্ত বড়ুয়া ফেসবুকে দেয়া এক পোস্টে লেখেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির দুই সদস্য অ্যাডভোকেট তামিম ও জিল্লুর ওপর আদালত এলাকায় হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সে কারণে আদালত চত্বরে এসে আইনজীবীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও লেখেন, আইনজীবী সমিতি এ ঘটনায় শুধু বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করবে, নাকি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে, সেটি গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেয়া না হলে আদালত চত্বর ও নিজ নিজ চেম্বারেও আইনজীবীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

এই ঘটনায় আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা ও আতংক তৈরি হয়।

এ ঘটনার পর মঙ্গলবার রাতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি একটি বিবৃতি দিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আকতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী সমর্থক থাকলেও এখানে সবার পরিচয় আমরা আইনজীবী। আইনজীবী সমিতিতে কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ড কোন দল কখনো করেনি এখনও করে না।

বিবৃতিতে সাধারণ সম্পাদক বলেন, ১০ নভেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির হল রুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে নাজেহাল করা আমাদের আতংকিত করে। আমরা আইনজীবীরা আইন পেশায় সকলে আইনজীবীদের মানসম্মান রক্ষায় বদ্ধপরিকর।

এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ ও এ বিষয়ে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। তবে, বিজ্ঞপ্তিতে কে বা কারা এবং কোন্ আইনজীবীদের তুলে নিয়ে নাজেহাল করেছেন তাদের কারো নাম বা পরিচয় উল্লেখ করেননি তিনি।

সূত্র জানায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ পৌর শহরের হাইস্কুল এলাকা থেকে টেকনাফ থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল বশরকে গ্রেফতার করেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের আগে তাকে কক্সবাজার আদালতে আনা হয়। দলীয় সভাপতিকে আদালত এলাকায় দেখে ওনার অনুসারীরা আশপাশে জড়ো হন। এসময় তার অনুসারীরা ‘জয় বাংলা’ শ্লোগান দেন। স্লোগান শুনে সেখানে আসেন আওয়ামীপন্থী আইনজীবীরাও।

এঘটনার জেরে বিকেলে আওয়ামীপন্থী আইনজীবি হিসেবে পরিচিত তামিম ও জিল্লুকে প্রহার ও তুলে নেয়ার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, তাদের কেউ মারধর করেননি। নিষিদ্ধ সংগঠনের মিছিল হয়েছে, এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু কাউকে মারধর করা হয়নি। মারধরের কোনো প্রমাণ থাকলে তাকে দেখানোর আহ্বান জানান তিনি।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল বশর টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকার বাসিন্দা ও শফি মেম্বারের ছেলে। নুরুল বশরের ছোট ভাই, উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

সুত্র মতে, ২০২৪ সালে ৩ জুনও একবার গ্রেপ্তার হয়েছিলেন নুরুল বশর। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে এমপি আবদুর রহমান বদি ও তার স্ত্রীর এমপিত্বকালে ১৭ বছর বিরোধীদলীয় নেতাকর্মীর মতো জীবন কাটিয়েছেন। তখন টেকনাফ থানা এমপি বদির কথায় চলতো বলে প্রচার রয়েছে।

এদিকে, গত ২০ ফেব্রুয়ারি টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকায় মোহাম্মদ আলমের স্ত্রী রেহেনুমা সোহানালের ভাড়াবাসা দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় হামলায় রেহেনুমা ও তার স্বামীসহ কয়েকজন গুরুতর আহত হন।

ওই ঘটনায় রেহনুমা বাদী হয়ে নুরুল বশরকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বশরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। কিন্তু এ মামলায় সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে বশরকে জড়ানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

আরও পড়ুন