কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিল বের করাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে টেকনাফ মডেল থানার এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পাশাপাশি একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম জাফর। তিনি টেকনাফ মডেল থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকা থেকে উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মিছিলকারীদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে যুবলীগের নেতাকর্মীরা কর্মসূচি পালনের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এসআই জাফর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক কর্মসূচি পালনের অনুমতি নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় একদল ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টেকনাফ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা টহল জোরদার করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।













