চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
রবিবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ইয়াবার এ চালান জব্দ করে পুলিশ। আটক বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে করে ইয়াবার একটি বড় চালান ঢাকার দিকে নেওয়া হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। রাত আড়াইটার দিকে সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়।
তল্লাশির এক পর্যায়ে গাড়ির পেছনের বেকডালার নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, উদ্ধার করা সাতটি প্যাকেটে মোট ৭৬ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং আরও ৬২০ পিস ভাঙা ইয়াবা পাওয়া গেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার বড় একটি চালান জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক বাবু মোল্লা একটি বড় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিভিন্ন থানায় তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।














