২৩ অক্টোবর ২০২৬

জোরারগঞ্জে ৩৪ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে থানা পুলিশের অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার চোরাচালানকৃত ভারতীয় পণ্য ও একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার সীমান্তবর্তী করেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য দেশে প্রবেশ করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে করেরহাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে জোরারগঞ্জ থানা পুলিশ।

একপর্যায়ে একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৫১৬০) চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশের সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে গাড়িটি হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকায় পৌঁছে। সেখানে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫০ পিস হরলিক্স, ১৪৪ পিস নবরত্ন তেল, ১ হাজার ৫১২ পিস কিটক্যাট চকলেট, ১ হাজার ৪০ পিস স্নিকার্স চকলেট এবং ২ হাজার ৫২০ পিস ডেইরি মিল্ক চকলেট।

পুলিশের তথ্যমতে, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা। এছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত হাইস মাইক্রোবাসটির মূল্য প্রায় ৩০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামাল ও গাড়ির মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, ‘দীর্ঘদিন ধরে মিরসরাইয়ের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশের তথ্য পাওয়া যাচ্ছিল। এ কারণে ওই এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‌‘গাড়ির চালক পালিয়ে গেলেও গাড়ির মালিক ও চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন