২৩ অক্টোবর ২০২৬

টয়লেটের পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাপিতপুকুরিয়া এলাকায় টয়লেটের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওবাইদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তার আপন চাচাতো ভাই ইমাম হাসান (চুক্কু) (২৭) পলাতক রয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওবাইদুল নাপিতপুকুরিয়া গ্রামের ডাক্তার শায়ের আহম্মদের বাড়ির বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা সংলগ্ন টয়লেটের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় অভিযুক্ত ইমাম হাসানের মায়ের মাথায় আঘাত লেগে রক্তাক্ত হলে তিনি হাতে থাকা একটি মোটা লাঠি দিয়ে ওবাইদুলের ঘাড়ে আঘাত করেন। এতে ওবাইদুল গুরুতর আহত হন।

স্বজনরা তাকে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, নিহত ও অভিযুক্ত পরস্পরের আপন চাচাতো ভাই। তারা উভয়েই একই পরিবারের সদস্য এবং ডাক্তার শায়ের আহম্মদের ভাতিজা।

ঘটনার খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর অভিযুক্তের বড় ভাই এমরান হোসেন (বাচা) এবং তার বাবা বুদুরুস মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ইমাম হাসান (চুক্কু) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মামলার বিস্তারিত তথ্য জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন