বাংলাধারা ডেস্ক »
মোটরসাইকেলে করে বাবা-মায়ের সাথে গন্তব্যে যাচ্ছিল চার মাসের শিশু ওবায়দুর রহমান। কিন্তু আর যাওয়া হলো না। একটি মালবাহী ট্রলির ধাক্কায় মা-বাবাসহ পড়ে গিয়ে গুরুত্ব আহত হয় শিশু ওবায়দুরও। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায় সে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থানার হারুয়ালছড়ি এলাকায় মোটরসাইকেলকে একটি ট্রলি ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, ‘ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক তৌহিদুর রহমান, তার স্ত্রী ও শিশুটি গুরুতর আহত হয়। দুপুর দেড়টার সময় তাদের চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চার মাসের শিশু ওবায়দুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।’
বাংলাধারা/এফএস/এআই














