৯ নভেম্বর ২০২৬

বৈশ্বিক নীতিনির্ধারণী মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সাঈদ আল নোমান

মানবাধিকার সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সংসদীয় কার্যক্রমের ডিজিটাল আধুনিকায়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ইউরোপ ও তুরস্ক সফর করছেন চট্টগ্রামের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাঈদ আল নোমান।

রোববার (৮ নভেম্বর) শুরু হওয়া এ সফর চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। সফরসূচি অনুযায়ী, ৮ থেকে ১৪ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভা, ১৪ থেকে ১৬ নভেম্বর তুরস্কের আন্তালিয়া এবং ১৬ থেকে ২০ নভেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করবেন তিনি।

সফরকালে আন্তর্জাতিক নীতিনির্ধারণী সংলাপ, সংসদীয় কূটনীতি ও বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন আয়োজনে অংশ নেবেন সাঈদ আল নোমান। তাঁর সফরসূচিতে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত ‘গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্স অন হিউম্যান রাইটস’, তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’ এবং বেলজিয়ামের ব্রাসেলসে ‘ওয়ার্ল্ড ই-পার্লামেন্ট কনফারেন্স’।

এসব আন্তর্জাতিক সম্মেলনে মানবাধিকার সুরক্ষা, জলবায়ু সহযোগিতা, সংসদীয় কার্যক্রমের ডিজিটাল রূপান্তর ও বৈশ্বিক নীতিনির্ধারণী বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। বিশেষ করে সংসদীয় কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিয়ে আলোচনায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

জানা গেছে, ই-গভর্নেন্স, পাবলিক পলিসি ও সোশ্যাল পলিসি নিয়ে সাঈদ আল নোমানের গবেষণামূলক আগ্রহ রয়েছে। ফলে ডিজিটাল রাষ্ট্র পরিচালনা, কার্যকর জননীতি, সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ে তাঁর এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সংসদীয় কূটনীতি রাষ্ট্রীয় কূটনীতির পরিপূরক হিসেবে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও নীতিগত সংলাপ সম্প্রসারণে ভূমিকা রাখে। এ সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জাতীয় স্বার্থ তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সংসদীয় ও নীতিগত অংশীদারত্ব জোরদারের সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন