২ নভেম্বর ২০২৬

বাংলাদেশে নতুন করে কোনো বিনিয়োগের পরিকল্পনা নেই: সালমান মুক্তাদির

বাংলাদেশে নতুন করে কোনো বিনিয়োগের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। স্টুডিও ভাঙার ঘটনার পর দেশে আর স্টুডিও পরিচালনা না করার ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার নিজের অবস্থান আরও স্পষ্ট করে জানালেন, ভবিষ্যতে বাংলাদেশে নতুন কোনো বিনিয়োগ করবেন না।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীতে ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন সালমান। ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রদর্শনের অনুমতিও পেয়েছে ছবিটি।

অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা, ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন সালমান। সরকারের সাথে নিজের সমস্যাগুলো নিয়ে আলোচনার সুযোগ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো সুযোগ পাননি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন এবং আলোচনার প্রস্তাবও দিয়েছিলেন। তবে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তার মনে হয়েছে, কথা বলার মতো উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালমান বলেন, এ বিষয়ে যাদের কথা বলা প্রয়োজন, তাদেরই দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। সাধারণ মানুষ মূলত পরিস্থিতির ভুক্তভোগী। তাদের মন্তব্য সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিলেও বাস্তব পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে না।

নতুন করে কোনো বক্তব্য বা বার্তা দেওয়ার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আপাতত নতুন কিছু বলার পরিকল্পনা নেই। আগের কথাগুলোই মানুষের মধ্যে হতাশা ও মানসিক চাপ তৈরি করেছে। নতুন বক্তব্য দিয়ে মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে চাই না।

নিজের ব্যক্তিগত পরিস্থিতি নিয়েও খোলামেলা কথা বলেন এই কনটেন্ট ক্রিয়েটর। জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে বর্তমানে কঠিন সময় পার করছেন। তবে জীবনে ভালো কিছু অর্জন করতে চাইলে প্রতিকূল সময়ের জন্যও মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি। তাই পরিস্থিতি নিয়ে অভিযোগ না করে তা মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

কাজের ক্ষেত্রে স্ত্রীর সহযোগিতা প্রসঙ্গে সালমানের বক্তব্য, একটি সম্পর্কের উন্নতি ও ব্যক্তিগত সাফল্যের পেছনে দুজনেরই সমান অবদান থাকা প্রয়োজন। জীবনসঙ্গীর সহযোগিতা ছাড়া একা বড় কিছু অর্জন করা কঠিন।

এদিকে তাকে ঘিরে সাম্প্রতিক অভিযোগ এবং শ্বশুরের নাম জড়িয়ে আলোচনার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন সালমান। তার দাবি, অভিযোগের বিষয়ে তাকে সরাসরি নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়নি। যথাযথ প্রমাণ ছাড়াই বিষয়টি ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এ ধরনের ঘটনা একজন মানুষের সামাজিক সম্মান ও দীর্ঘদিনের ক্যারিয়ারের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তাই যেকোনো অভিযোগের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা জরুরি।

সবশেষে বাংলাদেশে ভবিষ্যৎ কাজ ও বিনিয়োগের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে নিজের সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন সালমান মুক্তাদির। তিনি জানান, বাংলাদেশে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা তার কখনোই ছিল না। স্টুডিও ভাঙার ঘটনার পর দেশে আর স্টুডিও পরিচালনা না করার যে সিদ্ধান্ত জানিয়েছিলেন, সেটি এখনো বহাল রয়েছে।

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বাংলাদেশে নতুন করে কোনো বিনিয়োগ করার পরিকল্পনা নেই।

আরও পড়ুন