চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মো. করিম ওরফে ‘ডাইল করিম’কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১২ মে) ভোরে নগরের হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার করিমের বয়স ৪৩ বছর বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নগরীর হাজারী গলি এলাকা থেকে ২৩ মামলা আসামি মো. করিম প্রকাশ আব্দুল করিম প্রকাশ ডাইল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলাসহ সাম্প্রতিক ডাকাতির প্রস্তুতির মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ বলছে, ২০১১ সাল থেকে করিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে মাদক, বিস্ফোরক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।














