২৪ সেপ্টেম্বর ২০২৬

ড্রাগ আইন ভঙ্গ করায় চট্রগ্রামে বিভিন্ন ঔষধের দোকানকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম নগরে বিভিন্ন এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। ড্রাগ আইন ১৯৪০ এর ১৮ ধারায় নগরের ৬টি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার( ৯সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান। সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, দেওয়ানহাট এলাকার নিহা ড্রাগ হাউজকে ২০ হাজার টাকা, শতমূল বনাজী চিকিৎসালয়কে ২৫ হাজার টাকা, জুবিলি রোডের নোবেল মেডিক্যাল হলকে ৫০ হাজার টাকা, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মেইন গেট সংলগ্ন ফাতেমা ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালকে ২০ হাজার টাকা, গাজী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালকে ৩০ হাজার টাকা এবং রাবেয়া ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, ড্রাগ লাইসেন্স না থাকা, ফার্মাসিস্ট উপস্থিতি না থাকা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি ও মজুদ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ওষুধের মোড়কে লেবেলিং টেম্পারিং, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, অনুমোদনবিহীন বিদেশি ওষুধ বিক্রি করা দায়ে তাদের জরিমানা করা হয়েছে। 

অভিযানে র‍্যাব-৭ এর মেজর মেহেদী হাসান ও তার টিম সহায়তা করেন। এছাড়াও ঔষধ প্রশাসন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন