২১ অক্টোবর ২০২৬

ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ মাদ্রাসাছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে মো. সাজেদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঈদগড়-ঈদগাঁও ফুলেশ্বরী খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাজেদ ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা কুনারপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে এবং চরপাড়া নুরানি মাদ্রাসার ছাত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে কয়েকজন স্থানীয় বাসিন্দা রশি দিয়ে চেষ্টা করছিলেন। এ সময় বড় আকারের একটি লাকড়িতে রশি আটকে গেলে সেটি টানতে গিয়ে হঠাৎ সবার হাত থেকে রশি ছুটে যায়। উপস্থিত সবাই নিরাপদে থাকলেও সাজেদ যে তখনও রশির সঙ্গে আটকে ছিল, তা কেউ খেয়াল করেনি। পরে তাকে রশি ও লাকড়ির সঙ্গে তীব্র স্রোতে ভেসে যেতে দেখে কয়েকজন পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু প্রবল স্রোতের কারণে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. মুবিন বলেন, ‘পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন খালে নেমে শিশুটিকে খোঁজার চেষ্টা করছেন। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’

নিখোঁজ শিশুর স্বজনরা জানান, ঘটনার পর থেকেই পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ