২১ অক্টোবর ২০২৬

প্রবেশে নিষেধাজ্ঞা

তিন শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা

মাত্র ১৫ দিনের ব্যবধানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়— চুয়েট ক্যাম্পাসের একই পুকুরে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যুর পর এবার বিশ্ববিদ্যালয়ের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন।

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে নামা, সাঁতার কাটা কিংবা পানিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের প্যাডে পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পুকুরে প্রবেশ, পানিতে নামা ও সাঁতার কাটা নিষিদ্ধ।

চুয়েট প্রশাসনের এ সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে একই পুকুরে তিন শিক্ষার্থীর প্রাণহানির ঘটনা।

সর্বশেষ বুধবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে ফুটবল খেলা শেষে কাজী নজরুল ইসলাম হল ও শহীদ শাহ মোহাম্মদ হলের মধ্যবর্তী পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যান দুই শিক্ষার্থী। নিহতরা হলেন সিএসই বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী চমক দত্ত (২২) এবং ইইই বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী শান্ত দেব (২২)। দুজনের বাড়িই সিলেটের মৌলভীবাজার জেলায়।

এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী অর্ণব সাহা (২৫)।

মাত্র ১৫ দিনের ব্যবধানে একই পুকুরে তিন শিক্ষার্থীর মৃত্যুতে চুয়েট ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে এবার ক্যাম্পাসের সব পুকুরে শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজেদের নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো জলাশয়ে প্রবেশ না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ