চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় ৪০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন ও লিও ক্লাব অব চিটাগাং বন্ধন।
রোববার (১২ জুলাই) উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে বন্যাদুর্গত পরিবারের হাতে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর নেতৃত্বে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সদ্য সাবেক সভাপতি লায়ন আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন লায়ন সাজ্জাদ আলী।
ক্লাব নেতারা জানান, বন্যা শুরুর পরপরই সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের জলিল পাহাড় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছিল। পরবর্তীতে বাঁশখালীর দুর্গম এবং তুলনামূলক কম ত্রাণপ্রাপ্ত এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন লিও ক্লাবের সাবেক সভাপতি লিও আরমান উদ্দিন, লিও নুর মোহাম্মদ, ক্লাব সদস্য মো. সজিব হোসেন, নাঈম উদ্দিন সাফায়েত, আল আমিন, ইমতিয়াজ উদ্দিন নিহাল, ফাহিম, কাদের, আবরারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।














