চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে মো. জাবেদ (৩৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোল্লার বাপের বাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. জাবেদ শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা হাসেম সাহেবের বাড়ি এলাকার বাসিন্দা এবং মো. নাজেমের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাসার একটি কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জাবেদকে ঝুলতে দেখেন স্বজনরা। পরে বড় স্ত্রী, ভাই-বোন ও অন্যান্য আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। জানা গেছে, জাবেদের দুই স্ত্রী রয়েছে। তিনি উভয়ের সঙ্গেই সংসার করলেও ঘটনার রাতে ছোট স্ত্রী রিনা আক্তারের সঙ্গে ওই ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
তবে নিহতের বড় স্ত্রী, ভাই-বোন ও অন্যান্য স্বজন এ মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হোক।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ারউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














