চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত সাকিব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাকিব চান্দগাঁও থানার সিএমবি, আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার।
প্রত্যক্ষদর্শী শরীফ উদ্দিনের ভাষ্য, চান্দগাঁও থানাধীন কামাল বাজারের লায়লা সেন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি সাকিবকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
এ সময় পাশে থাকা আরেক ব্যক্তি জানান, আহত যুবকটি তখনও জীবিত ছিলেন। পরে তারা সাকিবকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ছুরিকাঘাতের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।














