২৩ অক্টোবর ২০২৬

রাখাইনে দুই বছর জিম্মি

নদী সাঁতরে টেকনাফে, আটক মিয়ানমার জান্তা বাহিনীর ৩ সদস্য

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হওয়া মিয়ানমারের এক সেনা ও দুই পুলিশ সদস্যকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তাদের কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সন্ধ্যায় তাদের কক্সবাজার জেলা কারাগারে নেওয়া হয়।

এর আগে সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নাফ নদী পেরিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় পৌঁছালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা তাদের আটক করেন। পরিচয় যাচাই শেষে রাত ১০টার দিকে বিজিবি তাদের টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন— মিয়ানমারের মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট (৩৮), পুলিশ সদস্য কিয়াও নাইং (৩৫) এবং বুচিডংয়ের ৩ নম্বর বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ইউনিটের সদস্য হেইন জাও (৩৩)।

জানা গেছে, তারা রাখাইন রাজ্যে বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রিত এলাকায় বন্দি ছিলেন। সেখান থেকে মুক্ত হয়ে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

টেকনাফ আদালতের জিআরও এএসআই নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সন্ধ্যার চালানে অন্য আসামিদের সঙ্গে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের জেলার দেলোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় তিনজন কারাগারে পৌঁছেছেন এবং বিধি অনুযায়ী তাদের রাখা হয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের প্রভাব প্রায়ই উখিয়া-টেকনাফ সীমান্তে পড়ছে। এর আগে সংঘাতের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন