২১ অক্টোবর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের যুবক আটক, আরাকান আর্মির সহযোগী দাবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে জোজোবা (২৭) নামে মিয়ানমারের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে সীমান্ত পিলার-৫০-এর প্রায় ৩০০ গজ উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে ‘বাহির মাঠ’ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জোজোবা মিয়ানমারের বুথিডং জেলার তেপাডং গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জোমই থংয়ের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, লেম্বুছড়ি বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জোজোবাকে আটক করা হয়।

আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জোজোবা জানান, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় এসেছেন। নিজেকে আরাকান আর্মির একান্ত সহযোগী বলেও দাবি করেন তিনি।

বিজিবি সূত্র জানায়, তার কাছ থেকে নগদ ৮ হাজার ৫৫০ টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ১১ বিজিবি আটক মিয়ানমারের ওই নাগরিককে নগদ টাকা ও মোবাইল ফোনসহ থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের সন্দেহজনক চলাচল ঠেকাতে টহল ও নজরদারি জোরদার রয়েছে। আটক যুবক কী উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং তার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের মধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ