২১ অক্টোবর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিককে অপহরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং এলাকায় একটি রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে ৬ জন রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করেছে একদল সশস্ত্র ব্যক্তি। ঘটনার প্রায় একদিন পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলীক্ষ্যং মৌজার বড়ইঝিরি এলাকায় কাওছারের মালিকানাধীন রাবার বাগানে এ ঘটনা ঘটে।

আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে ৬ জন শ্রমিককে একদল সশস্ত্র ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। তাদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অপহৃত শ্রমিকরা রোহিঙ্গা। ঘটনার আগের দিন তারা পার্শ্ববর্তী বাবুল কোম্পানির মালিকানাধীন একটি রাবার বাগানে কাজ করেন। পরে কাওছারের রাবার বাগানে জঙ্গল পরিষ্কারের কাজে যোগ দেন। শুক্রবার রাতের খাবার শেষে তারা স্টাফ কোয়ার্টারে অবস্থান করছিলেন। এ সময় ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল সেখানে প্রবেশ করে শ্রমিকদের হাত বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, অপহরণকারীদের সবার মুখে মাস্ক ছিল এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা খুব অল্প সময়ের মধ্যে শ্রমিকদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘অপহৃতরা রোহিঙ্গা শ্রমিক হওয়ায় তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং অপহৃত শ্রমিকদের নিরাপদে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ