১৯ অক্টোবর ২০২৬

নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হান্নান, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি নাসিরনগর উপজেলা সদরের গৌর মন্দির, ফান্দাউক গৌর শংকর জিউ মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান বলেন, নাসিরনগর সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এখানকার মানুষ একে অপরের সঙ্গে সম্পৃক্ত। সব ধর্মের মানুষ মিলেমিশে তাঁদের ধর্মীয় উৎসব পালন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রধানমন্ত্রীর আহ্বান বাস্তবায়ন এবং সুন্দর দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এম এ হান্নান আরও বলেন, ‘আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ধর্মীয় পরিচয় কখনো বিভেদ সৃষ্টি করবে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন মনিটরিং সেলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আযম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরিশেষে এমপি এম এ হান্নান সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ