২৩ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ সংগঠনের অপপ্রচারের বিরুদ্ধে মিরসরাইয়ে যুবদলের সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, বারইয়ারহাট পৌর এবং মিরসরাই পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর অংশ প্রদক্ষিণ করে। পরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুনুর রশিদ ও এম এম সুমন, বারইয়ারহাট পৌর যুবদলের আহ্বায়ক নুরুল আফছার মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, ‘যারা ভাবছেন শেখ হাসিনা দেশে ফিরবেন, তারা ভুল ভাবছেন। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। যুবদলের একজন কর্মী বেঁচে থাকতে দেশবিরোধী কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।’

তিনি নেতাকর্মীদের সংগঠিত থেকে গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার, গুজব ছড়ানো এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুন