৯ নভেম্বর ২০২৬

তদন্ত দাবি পরিবারের

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি বসতঘর থেকে দুই সন্তানের জননী সোনিয়া আক্তার (৩০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের পরিবারের দাবি, মৃত্যুর ঘটনায় রহস্য রয়েছে। তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজারসংলগ্ন নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সোনিয়া আক্তার দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। পরিবারের অন্য সদস্যরা খাবার খেতে এসে শয়নকক্ষে তাঁকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে বিকেল ৫টার পর পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের শাশুড়ি জানান, সকালে দুই জায়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। পরে বিষয়টি মিটমাট করা হয়। এরপর কোনো একসময় সোনিয়া আত্মহত্যা করেছেন বলে তাঁদের ধারণা। তবে ঘটনাটি কেউ প্রত্যক্ষ করেননি। নিহতের স্বামী নুর ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

অন্যদিকে, নিহতের ভাই জয়নাল অভিযোগ করেন, যে কক্ষে আত্মহত্যার দাবি করা হচ্ছে সেটি অত্যন্ত ছোট। সেখানে এভাবে আত্মহত্যা করা সম্ভব কি না, তা নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে সোনিয়ার রেখে যাওয়া দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎস যশ চাকমা বলেন, প্রাথমিক আলামত দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন