২৩ অক্টোবর ২০২৬

পাহাড়তলীতে রিফাত হত্যা মামলায় র‌্যাবের জালে চার আসামি

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তাররা হলো— প্রধান আসামি মো. শামীম (৩৫), মো. সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) এবং সুমন (৩০)। সোমবার র‌্যাব-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, নিহত মো. রিফাত (২৮) নগরের পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে গত ২৩ জুন সকাল পৌনে ৮টার দিকে মো. সাজ্জাদ আলম শুভ কৌশলে রিফাতকে বাসা থেকে ডেকে নিয়ে যান।

পরে দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজসংলগ্ন তিন রাস্তার মোড়ে আগে থেকে ওত পেতে থাকা শামীম, মারুফসহ কয়েকজন সহযোগী রিফাতের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধরের পাশাপাশি প্রধান আসামি শামীম ধারালো ছুরি দিয়ে রিফাতের বাম হাঁটুর ওপর আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত হন রিফাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) দুপুরে সীতাকুণ্ড উপজেলার জলিল টেক্সটাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. শামীম ও মো. সাজ্জাদ আলম শুভকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে মারুফকে এবং হালিশহরের মাইজপাড়া এলাকায় পৃথক অভিযানে সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুন