২৩ অক্টোবর ২০২৬

গুলশানের বাসা থেকে গ্রেপ্তার, দুই বছরের কারাদণ্ডের পরোয়ানা ছিল

প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। ওই মামলায় আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই বিদিশাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত মে মাসে ওই প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালত তাকে দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদারের সঙ্গে প্রতারণার অভিযোগে মামলাটি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে চলা ওই মামলায় আদালতের রায় ও পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে মঙ্গলবার রাতে বিদিশাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে নেওয়া হবে।

আরও পড়ুন