২৩ অক্টোবর ২০২৬

প্রেমের প্রস্তাবে ‘না’, ইউএসটিসি ভবন থেকে ছুড়ে ফেলা হলো রিয়াকে

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ইউএসটিসি হাসপাতালের ভবনের পাঁচতলা থেকে এক তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুর রহমান শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত তরুণীর নাম রিয়া আক্তার রিতা (২০)। তিনি নগরের পাহাড়তলী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং সিডিএ মার্কেট এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।

গ্রেপ্তার আব্দুর রহমান শেখ (২১) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ভাটখালি এলাকার মৃত সোহরাব শেখের ছেলে। তিনি নগরের আকবরশাহ থানার ফয়’স লেক এলাকার আব্দুল হামিদ সড়কে একটি বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে রিয়ার সঙ্গে আব্দুর রহমানের পরিচয় হয়। কয়েক মাস আগে একটি মারামারির ঘটনায় চাকরি হারালেও রিয়ার পিছু ছাড়েননি তিনি। দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে রিয়াকে উত্ত্যক্ত করতেন বলেও অভিযোগ পরিবারের।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, শনিবার (২৩ মে) রাতে গার্মেন্টস ছুটির পর কৌশলে রিয়াকে ফয়’স লেক এলাকায় নিয়ে যান আব্দুর রহমান। পরে ‘গুরুত্বপূর্ণ কথা আছে’ বলে ইউএসটিসি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের মা জমিলা বেগম খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলি এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুর রহমান শেখকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন