২২ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে বসতঘরে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জহুরুল আনোয়ার (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার হামজার টিলায় নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জহুরুল আনোয়ার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত ফজল করিমের ছেলে। তিনি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলায় নিজস্ব বাড়িতে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাত থেকে শনিবার সকাল সাড়ে ৬টার মধ্যে যেকোনো সময় পরিবারের সদস্যদের অগোচরে তিনি বসতঘরের সিঁড়ি কক্ষের রেলিংয়ের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন। সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সিঁড়ির রেলিংয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের কনিষ্ঠ ছেলে খালেদ বিন আনোয়ার জানান, সম্প্রতি তার বাবা এক আত্মীয়ের কাছে কিছু জমি বিক্রি করেছিলেন। ওই জমি সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। তবে এ ছাড়া অন্য কোনো পারিবারিক কলহ বা ব্যক্তিগত সমস্যার কথা তাদের জানা নেই।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, তিনি জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন